আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজের সেমিফাইনালে বাংলাদেশের তিন জুটি

আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজের সেমিফাইনালে বাংলাদেশের তিন জুটি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ টুর্নামেন্টের পুরুষ দ্বৈতে বাজিমাত স্বাগতিকদের। আগের দিন চার জুটি কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস রচনা করে। সেখান থেকে বৃহস্পতিবার তিন জুটি সেমিফাইনালে জায়গা করে নেয়। সন্ধ্যায় শেষ চারের লড়াইয়ে নামবে বাংলাদেশের শাটলাররা।

সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হেরে গেলেও, পুরুষ দ্বৈতে আর ভুল করেননি আল আমিন জুমার। দীর্ঘদিনের সঙ্গী মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে সেমিতে পা রাখেন তিনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জুটিকে ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তারা।

সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব সিংহ-তানভীর ইসলাম জুটি। ভিয়েতনামের থান- ডান এন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ পয়েন্টের ব্যবধান হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। ভারতের প্রদীপ কুমার-অতুল কুমার ভাইদের হারিয়ে শেষ চারে উঠেন বাংলাদেশের রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি। 

জয়ের দিনে হতাশার গল্পও আছে। চারটি কোয়ার্টারের মধ্যে একটিতে জিততে পারেনি বাংলাদেশ। দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ৯-২১, ১৩-২১ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে পরাজিত হন।