দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ‘স্বর্ণালীশতক’ উদযাপনে উৎসবের আমেজ আজ

দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ‘স্বর্ণালীশতক’ উদযাপনে উৎসবের আমেজ আজ

সংগ্রহীত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর)। ‘স্বর্ণালীশতক’ নামের এ আয়োজনে এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ।

প্রস্তুতির বিষয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ওমর ফারুক (শাকিল চৌধুরী), আবু হান্নান লাভলু, আনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন (খোকন), মো. মনিরুজ্জামান, আলমগীর হোসেন, জসিম উদ্দিন পাল, একরাম হোসেন, সেলিম মজুমদার, ফেরদৌস হোসেন (শাহেদ) ও মনির হোসেন।
 
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল আলম বলেন, টানা ৩ দিনের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পৌষের হালকা শীতে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকে চলে এসেছেন গ্রামের বাড়িতে। প্রবাসীদের অনেকে অনুষ্ঠানে অংশ নিতে ছুটি নিয়ে গ্রামে এসেছেন। অনুষ্ঠান ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।

 

 

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর (বালাম), বেলাল খান ও সানিয়া সুলতানা (লিজা) গান পরিবেশন করবেন।

 

উল্লেখ্য, ১০০ বছর আগে ১৯২৫ সালে শিক্ষানুরাগী আবদুর রহমানের উদ্যোগে নিজ নামে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়।