মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

ছবিঃ সংগৃহীত।

মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।  

বার্তা সংস্থা এএফপি জানায়, বড়দিনের আগের দিন জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি মেক্সিকো সিটি থেকে ভেরাক্রুজের চিকোন্তেপেক গ্রামে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। আহত ৩২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ আহতদের নাম ও তারা যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার তালিকাও প্রকাশ করেছে।

মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। দেশটিতে বিশেষ করে বাস ও ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটছে। কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটিই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

উল্লেখ্য, গত নভেম্বরের শেষ দিকে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যেও একই ধরনের এক বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।