নেত্রকোনায় বিরোধের জেরে নিহত ১
প্রতিকি ছবি
পূর্ব বিরোধের জেরে নেত্রকোনার আটপাড়ায় স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত কাওসার আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এদিকে সংঘর্ষের ঘটনার দুইদিন পর থানায় মামলা হয়েছে। রাকিব হাসান (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ।
গত ২৪ ডিসেম্বর সকালে জেলার আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামের ধানক্ষেতে এই সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে কয়েকজনকে ময়মনসিংহ পাঠালে কাওসার ২৫ তারিখ রাতে মারা যায়। এ ঘটনায় কাউসারের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ৫/৭ জনকে অজ্ঞাত রেখে ২৬ ডিসেম্বর মামলা দায়ের করেন। আটককৃত রাকিব হাসান এই মামলার ২৫ নং এজাহার নামীয় আসামি।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামি পুলিশ হেফাজতে রয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত বুধবার সকালে গ্রামের সামনে ধানক্ষেতে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে দুই প্রভাবশালী গ্রুপরে মধ্যে পূর্ব বিরোধ আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সময় হামলা পালটা হামলার ঘটনা ঘটে। গত ২১ ডিসেম্বরও হামলা হলে কয়েকজন আহত হয়েছিলেন। ওই ঘটনার জেরে (২৪ ডিসেম্বর) বুধবারের সংঘর্ষে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিন্তু আহতদের মধ্যে কাওসার মারা যান।