রাজধানীর উত্তর বাড্ডায় নারীর লাশ উদ্ধার
প্রতিকী ছবি
রাজধানীর উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের একটি বাসায় এক নারীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার হয়।
নিহত নারীর নাম তাহিয়া আক্তার মিন্নি (২০)। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসার দ্বিতীয় তলার একটি গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাহিয়া আক্তার দক্ষিণ খান আইয়ুব বাগ এলাকার আব্দুল আউয়ালের মেয়ে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার মীর কাশেম আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
নিহতের বাবা আব্দুল আউয়াল বলেন, বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় আমার মেয়েকে পাওয়া যায়।
পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তার মেয়েকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তার মেয়ে মারা গেছে না কেউ মেরে ঝুলিয়ে রেখেছিল তা জানতে পারেননি তিনি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই নারীর মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত নন তিনি।
সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনার তদন্ত করছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাড্ডা থানা পুলিশ বলছে, স্বামী-স্ত্রীর কলহের জেরে অভিমানে ওই নারী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয় তার তদন্ত চলছে।