নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, বৃদ্ধের মৃত্যু
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মো. আলমগীর (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় নিহত আলমগীরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৃত রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাতে হঠাৎ তার বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় তিনি ঘরের ভেতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের ভেতরে আটকে পড়া আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত না হলেও কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দস্তগীর জানান, নিহত আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং আগুন লাগার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।