মুন্সীগঞ্জে ৪৫ লাখ টাকার জাটকা জব্দ
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জে প্রায় ৪৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার সকাল ৭টায় মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাক থেকে আনুমানিক ৪৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ট্রাকের চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।