দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল
সংগৃহীত ছবি
দিনাজপুর-৩ (সদর) আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। রবিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দিনাজপুরকে সুন্দর ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, দিনাজপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার বিজয় নিশ্চিত করবে। এর আগে জেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রবিবার দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে দিনাজপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়নে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মোট ৫৫টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।