পিএসএলে মুলতান সুলতানসের দায়িত্ব নিল পিসিবি

পিএসএলে মুলতান সুলতানসের দায়িত্ব নিল পিসিবি

সংগ্রহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। বিপিএলে যেমন শেষ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে যাওয়ায় বিসিবিকে দল পরিচালনার দায়িত্ব নিতে হয়েছিল, তেমনি পিএসএলের আসন্ন আসরে মুলতান সুলতানস পরিচালনার দায়িত্ব নিতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, আপাতত কোনো বাইরের ক্রেতার কাছে মুলতান সুলতানসের মালিকানা হস্তান্তর করা হচ্ছে না। পিএসএল শেষ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি নিলামে তোলা হবে বলে নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মাহসিন নকভি।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নকভি জানান, পিএসএলের ১১তম আসরে মুলতান সুলতানস পরিচালনার জন্য সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। তিনি বলেন, 'পিএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মুলতান সুলতানস নিলামে তুলব। আগামী আট থেকে দশ দিনের মধ্যে দল পরিচালনার জন্য একজন অন্তর্বর্তী প্রধানও নিয়োগ দেওয়া হবে।'

নকভি জানান, নির্ধারিত সময়ের কারণে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একসঙ্গে মুলতান সুলতানস বিক্রি করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী নিলামের নির্দিষ্ট সময় আগেই বিক্রির ঘোষণা দিতে হয়। আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। মার্চের শেষ দিকে পিএসএল শুরু হওয়ার কথা থাকায় নির্ধারিত সময়ের মধ্যে মুলতানের জন্য আলাদা ক্রেতা খোঁজা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত মাসে মুলতান সুলতানসের মালিকানা ছাড়ার ঘোষণা দেন আলী তারিন। পিএসএল ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে তিনি এই সিদ্ধান্ত নেন এবং লিগ পরিচালনায় স্বচ্ছতার অভাব ও অতিরিক্ত উচ্চাভিলাসের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে পিসিবি তারিনকে আইনি নোটিশ পাঠায়। জবাবে ব্যঙ্গাত্মক এক ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন তারিন।

এরপর থেকেই পিএসএলের ১১তম আসরের প্রস্তুতিতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন তিনি। অন্য ফ্র্যাঞ্চাইজি মালিকরা নবায়নের চিঠি পেলেও তারিন কোনো প্রস্তাব পাননি। গত সপ্তাহে তিনি জানান, পিসিবি বা পিএসএল ব্যবস্থাপনার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের কোনো জবাবও দেওয়া হয়নি।

৩১ ডিসেম্বর তারিনের মালিকানা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পিসিবির সামনে একাধিক ফ্র্যাঞ্চাইজি বিক্রির চাপ তৈরি হয়েছিল। তবে নকভি জানিয়েছেন, নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির যেকোনো একটির জন্য দরপত্রে অংশ নিতে চাইলে আলী তারিনকে স্বাগত জানাবে বোর্ড।

নকভি বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে কিছু বিষয় ঘটেছে, তবে আলী তারিন মুলতানের জন্য অনেক অবদান রেখেছেন। তিনি চাইলে নতুন কোনো দলের জন্য দরপত্রে অংশ নিতে পারেন।'

পিএসএলের ইতিহাসে এই প্রথম কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি সরাসরি পিসিবির তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশ্বের বড় টি-টোয়েন্টি লিগগুলোতেও এমন উদাহরণ খুবই বিরল।

এদিকে, পিএসএলের সূচিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। প্রাথমিকভাবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও, তা এগিয়ে এনে ২৩ মার্চ শুরু করার কথা ভাবা হচ্ছে। ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস।