ফরিদপুর-৪ আসন : বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সংগৃহীত ছবি
ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ-আবু-জাহেরের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এসময় তিনি সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।