ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১১ প্রার্থী
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন থেকে বিএনপি, জামায়াত, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, খেলাফত মজলিস ছাড়াও বিএনপি, এনসিপির ৩ বিদ্রোহী প্রার্থীসহ মোট ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এসএম রকিবুল হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এদিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর-১ আসনে বোয়ালমারীতে যেসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কর্মপরিষদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হুসাইন।
এ ছাড়া এনসিপির জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি সামসুদ্দিন মিয়া ঝুনু, অস্ট্রেলিয়াপ্রবাসী বিএনপি নেতা মো. শাহবুদ্দিন আহমেদও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সহধর্মিণী লায়লা আরজুমান বানু ও ডা. গোলাম কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট সাংবাদিক কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমানের (দোলন) পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নুর মৌসুমির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তার প্রস্তাবকারী ও সহধর্মিণী ডা. মাফরুহা রহমান। মধুখালীতে আব্দুর রাজ্জাক জুটমিলের স্বত্বাধিকারী আবুল বাসার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আসনটিতে তিন উপজেলায় পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৩৪১ জন ও নারী ২ লাখ ৫১ হাজার ২১৪ জনসহ সর্বমোট ৫ লাখ ১০ হাজার ৫৬৬ জন ভোটার রয়েছেন।