বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাইবান্ধায় শোক, কোরআন খতম
সংগৃহীত ছবি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাইবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর জেলার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
এদিন সকালে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন কার্যালয়ে। সেখানে তারা কালোব্যাজ ধারণ করেন। পাশাপাশি, শোক বই খোলা হয় এবং আয়োজন করা হয় কোরআন খতমের।
গাইবান্ধা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু বলেন, 'আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, যার স্নেহ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমি সর্বদা পেয়েছি, সেই নেত্রী আজ আর আমাদের মাঝে নেই। তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।'
জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপিসহ গাইবান্ধার সর্বস্তরের জনগণ গভীরভাবে শোকাহত। এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন।'
এদিকে, ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। জেলা সংঠনের নেতাকর্মীরা ৭ দিন কালোব্যাজ ধারণ করবেন। দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।