বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরসিংদী জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন। নরসিংদী শহরের চিনিশপুরে জেলা বিএনপির কার্য্যালয়ে জাতীয় পতাকা অর্ধমিত রাখা হয়। এসময় কার্য্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়। শোক বইয়ে জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তাদের অনুভূতি প্রকাশ করেন।

মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারা শহরজুড়েই শোকাবহ আবহের সৃষ্টি হয়। শহরজুড়েই সবাই বেগম খালেদা জিয়ার কীর্তিমান জীবনী স্মরণ করছিলেন।

হাসান মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে কাজ করে সকলের মণি কোঠায় স্থান করে নিয়েছেন। আমরা আশা করেছিলাম বেগম জিয়া সুস্থ হয়ে আবারো দেশের হাল ধরবেন কিন্তু তা আর হলো না। তিনি আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন। বেগম জিয়া মারা গেলেও তার স্মৃতি ও আদর্শ মানুষের মাঝে অম্লান হয়ে থাকবে।

দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া একটা নাম ও একটা ইতিহাস। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি জাতির অভিভাবক ছিলেন। তিনি স্বৈরাচাবিরোধী আন্দোলন করে আপোসহীন দেশ নেত্রীর খেতাব পেয়েছেন। তিনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে আমরা যে স্বৈরাচারমুক্ত, মুক্ত শৃঙ্খলে আছি তার অবদান দেশনেত্রীর। তিনি নিজের সকল ভোগ বিলাস ত্যাগ করে জনগণের জন্য রাজনীতি করেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।