হলফনামায় যেসব সম্পদের তথ্য দিলেন সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পদ, আয় ও দায়ের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, সারজিস আলমের বার্ষিক আয় ৯ লাখ টাকা, যা তিনি ব্যবসা খাত থেকে অর্জন করেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি উল্লেখ করেছেন।
ঘোষিত সম্পদের বিবরণে দেখা যায়, তার হাতে নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার নামে দান করা কৃষিজমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক। জমিটি অর্জনের সময় এর মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, যা বর্তমানে আনুমানিক ৫ লাখ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।
হলফনামায় আরও জানানো হয়, তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন বা গাড়ি নেই। এ ছাড়া তার কোনো আগ্নেয়াস্ত্রও নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও ৭৫ হাজার টাকা।
আইনি তথ্য অংশে উল্লেখ করা হয়েছে, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারভুক্ত শেয়ার নেই।
২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, সারজিস আলম তার মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। একই রিটার্নে তার মোট সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এ আয় থেকে তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৫২ হাজার ৫০০ টাকা।