ওমরজাইয়ের ঝড়ো ফিফটিতে লড়াকু সংগ্রহ সিলেটের

ওমরজাইয়ের ঝড়ো ফিফটিতে লড়াকু সংগ্রহ সিলেটের

সংগৃহীত ছবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবারের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বোলারদের ওপর তাণ্ডব চালালেন আজমতউল্লাহ ওমরজাই। ঝোড়ো ব্যাটিংয়ে ৫ চার ও ৩ ছক্কায় মাত্র ২৪ বলে ৫০ রানের ইনিংস খেললেন সিলেট টাইটান্সের আফগান অলরাউন্ডার।

ওমরজাইয়ের ঝড়ো ইনিংসের সঙ্গে পারভেজ হোসেন ইমনের ৩২ বলে ৪৪ রানের সৌজন্যে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের পুঁজি পেয়েছে সিলেট। জয়ের ধারা অব্যাহত রাখতে ঢাকার সামনে তাই চ্যালেঞ্জিং এক লক্ষ্য।

টস হেরে ব্যাট করতে নামা সিলেটের চতুর্থ উইকেট পতনের পর ১৪তম ওভারে ব্যাট করতে নামেন ওমরজাই। শুরুতে কিছুটা সময় নেন পেস বোলিং এই অলরাউন্ডার। ১৮ ওভার পর্যন্ত তার নামের পাশে ছিল ১৪ বলে ১৭ রান।

১৯তম ওভারে সালমান মির্জার বলে ঝড় বইয়ে দেন ওমরজাই। পরপর চার বলে ২ চারের সঙ্গে মারের ২টি বিশাল ছক্কা। ওই ওভার থেকে আসে ২২ রান। পরে শেষ ওভারে তাসকিন আহমেদের প্রথম বলে ছক্কা ও শেষ বলে বাউন্ডারি মেরে ফিফটি পূর্ণ করেন ওমরজাই।

বিপিএলে ২১ ম্যাচের ক্যারিয়ারে এটিই ওমরজাইয়ের প্রথম ফিফটি। আর সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয়। অথচ বুধবার সন্ধ্যা পর্যন্তও দলের সঙ্গে ছিলেন না ওমরজাই। রাতে দলের সঙ্গে যোগ দিয়ে পরদিন দুপুরেই তার ব্যাট থেকে এলো আগুনে ইনিংস।

ওমরজাইয়ের ঝড়ে শেষ পাঁচ ওভারে ৭৪ রান পায় সিলেট। যার সৌজন্যে তাদের সামনে এখন লড়াই করার পুঁজি আছে। এছাড়া ২ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৪ রান করেন ইমন। আর ২৯ রান করতে ৩৪ বল খেলে ফেলেন সাইম আইয়ুব।

২ উইকেটের জন্য ৪ ওভারে ৪৬ রান খরচ করেন সালমান মির্জা। তাসকিনও ৪ ওভারে দেন ৪৬ রান।