পাকিস্তান সিরিজের আগে শ্রীলঙ্কার মানবিক বার্তা
সংগৃহীত ছবি
নতুন বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে মানবিক বার্তা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ভয়াবহ ডিটওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দেশের পুনর্গঠন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এই সিরিজটি ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা’ উদ্যোগের জন্য উৎসর্গ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
পর্যটননির্ভর দেশ শ্রীলঙ্কা সম্প্রতি ঘূর্ণিঝড়জনিত ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মুখে পড়ে। এই প্রাকৃতিক দুর্যোগের পর অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা’ নামে একটি পুনর্গঠন কর্মসূচি ঘোষণা করে। সেই উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে শাম্মি সিলভারের নেতৃত্বাধীন এসএলসির এক্সিকিউটিভ কমিটি পাকিস্তান সিরিজকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়।
এসএলসি জানিয়েছে, সিরিজ চলাকালীন পুনর্গঠন কর্মসূচি নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। ম্যাচ ভেন্যুগুলোতে ‘#VisitSriLanka’ হ্যাশট্যাগ ব্যবহার করে আন্তর্জাতিক পর্যটন প্রচারেও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ থেকে প্রাপ্ত লাভ ফেডারেল সরকারের পুনর্গঠন তহবিলে দান করা হবে।
শ্রীলঙ্কা সরকারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে অন্তত ৬০৭ জন নিহত এবং ২১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার অবকাঠামো পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত ও নতুন করে নির্মাণে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ জানুয়ারি। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ জানুয়ারি। এরপর জানুয়ারির শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
আগামী ফেব্রুয়ারিতে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে। অন্যদিকে গ্রুপ ‘বি’-এর দল শ্রীলঙ্কা পরদিন কলম্বোতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।