যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৫৭

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৫৭

সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৫৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, পেট্রলবোমা, ককটেল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

আইএসপিআর জানিয়েছে, অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ১৫৭ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২২৮ রাউন্ড গোলাবারুদ, ১০টি পেট্রলবোমা, কিছু ককটেল, মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।