বিজিবির বাধায় নির্মাণাধীন রিং ব্রিজ রেখে সরে গেল বিএসএফ
সংগৃহীত ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি বিওপি এলাকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে নির্মাণাধীন একটি রিং ব্রিজ ফেলে কৌশলে সরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার দুপুরে বলসুতি বিওপির সীমান্তবর্তী ৮২৮/২ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ নিয়ে তারা কাজ শুরু করে। তবে বিজিবির সতর্ক নজরদারিতে বিষয়টি দ্রুত ধরা পড়ে।
এ বিষয়ে ধবলসুতি বিওপি কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন জানান, সীমান্তে এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে বিএসএফের এ তৎপরতা বিজিবির চোখে পড়ে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ নির্মাণাধীন রিং ব্রিজটি রেখে সেখান থেকে সরে যায়।
তিনি আরও জানান, সীমান্তে এ ধরনের একতরফা ও অননুমোদিত স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের শামিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।