কুড়িগ্রাম-৩ ও ৪ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম-৩ আসনের এবং বিকালে কুড়িগ্রাম-৪ আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
কুড়িগ্রাম-৩ আসনে মোট ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে শর্ত পূরণ না করায় বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এছাড়া দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করা হয়।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদ।
অন্যদিকে কুড়িগ্রাম-৪ আসনে ৮ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টির বিদ্রোহী) মো. রুকুনুজ্জামান, বিএনপির মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদের শেখ মো. আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী) রাজু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছা. শেফালী খাতুন।
যাচাই-বাছাই চলাকালে সংশ্লিষ্ট সকল দলের প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।