বরিশালে দুজনের মনোনয়ন বাতিল

বরিশালে দুজনের মনোনয়ন বাতিল

ফাইল ছবি

বরিশালের তিনটি সংসদীয় আসনে দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শেষে জেলা রিটানিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এ সিদ্বান্ত দেন।

রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-৫ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী একেএম মাহবুব আলম ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলাম বাতিল করা হয়েছে।

এ বিষয়ে রিটানিং কর্মকর্তা খায়রুল আলম সুমন বলেন,  খেলাফত মজলিসের প্রার্থী একেএম মাহবুব আলমের মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর নেই ও ২১ নম্বর পাতা পূরণ করেননি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলামের দেয়া ভোটার তালিকা অনুযায়ী প্রস্তাব ও সমর্থনকারীর তথ্য সঠিক নেই। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এদিন যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ হয়েছে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলনের সৈয়দ এছহাক মো. আবুল খায়ের, মুক্তিজোটের আব্দুল জলিল ও বাংলাদেশ জাসদের প্রার্থী আবদুস ছালাম খোকন।

বরিশাল-৫ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, জামায়াতের মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় পার্টির আখতার রহমান, এবি পার্টির মো. তারিকুল ইসলাম, এনসিপির আব্দুল হান্নান সিকদার ও বাসদ মাকর্সবাদী দলের সাইদুর রহমান। 

অন্যদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ পৌর ও উপজেলা) আসনের  বিএনপির প্রার্থী আবুল হোসেন খান, জামায়াতের মো. মাহমুদুন্নবী, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া ও স্বতন্ত্র কামরুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ হয়েছে।