বগুড়ায় ১২ প্রার্থীর মনোনয়পত্র বাতিল, বৈধ ২৬
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে ৩৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ক্রটি থাকায় ১২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সবাইকে বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশরাফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলনের মুহা. ইদ্রিস আলী।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চার প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- বিএনপি মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর মো. দবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শিপন কুমার রবিদাস ও ইসলামী আন্দোলনের মীর মো. মাহমুদুর রহমান। এছাড়া এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির খান কুদরত-ই-সাকলায়েনের মনোনয়নপত্রে ক্রটি থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের দিলরুবা, ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের আব্দুল্লাহ আল-ওয়াকির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসনটিতে মনোয়নপত্র দাখিল করেন পাঁচজন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদেলা জিয়া মৃত্যুবরণ করায় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জামায়াতের মো. গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলনের মো. শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আসনটিতে বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর দলীয় মনোনয়ন সঠিক না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।