বরিশালে সান্টুসহ ১০ জনের মনোনয়ন স্থগিত, বাতিল ৬ জনের
ফাইল ছবি
মনোনয়নপত্রের প্রাথমিক যাচাই-বাছাইয়ে দ্বিতীয় দিনে বরিশালের তিনটি আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার বরিশাল-১, বরিশাল-২ ও বরিশাল-৩ আসনের মনোনয়ন যাচাই করেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীরা হলেন- বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান। বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত আব্দুল মান্নান, বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, এনসিপির সাহেব আলী, জাতীয় পার্টির এম এ জলিল ও কংগ্রেস পার্টির আব্দুল হক। বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং বাসদের আজিমুল হাসান জিহাদ।
রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানান, আয়কর সংক্রান্ত জটিলতা, নির্ধারিত ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা না থাকা, হোল্ডিং ট্যাক্সের সমস্যা, দলীয় অঙ্গীকারনামার ঘাটতি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে এসব প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।
এদিকে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- বরিশাল-২ আসনের জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ বাদল এবং বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসান। এছাড়া নিজস্ব অঙ্গীকারনামা দাখিল না করায় স্বতন্ত্র বিএনপি নেতা আব্দুস ছত্তার খানের মনোনয়নও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, বরিশাল-১ আসনে বিএনপির জহিরউদ্দিন স্বপন, স্বতন্ত্র বিএনপি নেতা আব্দুস সোবহান, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী ও ইসলামী আন্দোলনের রাসেল সরদার মেহেদীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল-২ আসনে বাসদের তারিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেসার উদ্দিন, রঞ্জিত কুমার বাড়ৈ এবং খেলাফত মজলিসের মুন্সী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।
বরিশাল-৩ আসনে বিএনপির জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলামী, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন এবং এবি পার্টির আসাদুজ্জামান ভূঁইয়ার মনোনয়ন বৈধ হয়েছে।
এর আগে শুক্রবার বরিশালের অপর তিনটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। সেদিন বরিশাল-৫ আসনে বাসদের প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া বরিশাল-৫ সদর আসনে খেলাফত মজলিসের একেএম মাহবুব আলম ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, রবিবার চূড়ান্ত যাচাই শেষে মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে।