জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির দাবি
সংগ্রহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগ মোড় প্রথমে অবরোধ ও পরে অবস্থান কর্মসূচি পালন শেষে এমন দাবি করে সংগঠনটির সভাপতি রিফাত রশীদ।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, মাহদী ভাইয়ের মুক্তি চাই’, ‘দাসত্ব না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘মুক্তি মুক্তি চাই, মাহদীর মুক্তি চাই’, ‘মুক্তি মুক্তি চাই, তাহরিমার মুক্তি চাই’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
রাত ১২টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় ত্যাগ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের একেবারে মাঝখানে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় সেখানে ৩০-৪০ জনের বেশি নেতাকর্মীকে দেখা যায়নি। এসময় তারা কাঠ দিয়ে শাহবাগ মোড়ের মাঝে আগুন জ্বালিয়ে দেয়।
শাহবাগ মোড় অবরোধ করলেও শাহবাগের চারপাশের রাস্তায় পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়নি। নেতাকর্মী কম থাকায় পরে তারা শাহবাগ মোড়ের মাঝে অবস্থান নেয়। রাত ১১.৫০-এর দিকে শাহবাগ মোড়ে মাইক নিয়ে আসেন তারা। এসময় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশীদ দুই দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো : মাহদীর হাসানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও হবিগঞ্জ থানার ওসির প্রত্যাহার, জুলাই গণ-অভুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে।
এসময় তিনি বলেন, আজকে রাতের মধ্যে যদি মাহদীকে সসম্মানে মুক্তি না দেওয়া হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশে দাবানলের আগুন ছড়িয়ে দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।
এসময় সংগঠনটির মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, যদি মাহদীর মুক্তি না দেওয়া হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা কঠোর আন্দোলন করব। সরকার হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারে নাই, কিন্তু জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করতে পেরেছে।
জুলাই জনতার সার্বিক জনতার নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।
এর আগে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’ পরে এক ঘণ্টার আলটিমেটামে মাহদী হাসানকে মুক্তি না দিলে আরেক পোস্ট দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে। সেখানে বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে মুক্তি দেওয়ার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও এখনো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অবিলম্বে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সকল ছাত্র-জনতাকে শাহবাগে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।’ এরপরই মূলত রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন।