বাগেরহাটে খালে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি।
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামে খালে পড়ে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটিকে বাড়ির সামনের খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
পরিবার সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে নিখোঁজ হয় শিশুটি। এর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে।
শরণখোলা উপজেলা হাসপাতারের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা যায়। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল।