দুই ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুইটি ইটভাটা থেকে পাঁচ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও দুইটি ইটভাটার কিলন ও ড্রাম চিমনি ভেঙ্গে বিপুল পরিমাণ কাচা ইট নষ্ট করা হয়েছে। পাশাপাশি একটি ইটভাটায় থাকা মিল ভেঙ্গে ফেলা হয়েছে।
সোমবার বরিশাল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাভলী ইয়াসমিন জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, বাকেরগঞ্জ উপজেলায় মেসার্স রোডেলা ও মেসার্স শরীফ ইটভাটায় অভিযান করা হয়। এ ভাটা দুইটির ১২০ ফুটের চিমনি ও কিলন ভেঙ্গে ফেলা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ড্রাম চিমনির মাধ্যমে ইট পোড়ানোর জন্য তৈরি করা বিপুল সংখ্যক কাঁচা ইট নষ্ট করা হয়েছে। মেসার্স শরীফ ব্রিক্সের মধ্যে স্থাপন করা স-মিল ভেঙ্গে ফেলা হয়েছে।