চট্টগ্রামে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আখতারিয়াপাড়া এলাকায় খেলতে গিয়ে পুকুরে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাকিব হাসান। সে ওই এলাকার রেজাউল করিমের ছেলে।
নিহতের চাচা শহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে এক প্রতিবেশীর উঠানে রাকিব হাসান ও তার তিন বছর বয়সী চাচাতো ভাই আবু রাহাত খেলছিল। একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পড়ে যায় তারা। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, উদ্ধার করা দুই শিশুকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আবু রাহাত চিকিৎসাধীন রয়েছে।