বরিশালে তিন ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা

বরিশালে তিন ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

বরিশালের বানারীপাড়ায় ড্রাম চিমনি বিশিষ্ট তিনটি ইটভাটা থেকে সাড়ে আট লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও পাঁচটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙ্গে ফেলে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাভলী ইয়াসমিন। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সহায়তা করেছে। 

জরিমানার আদেশ দেওয়া ইটভাটা তিনটি হলো- বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ী এলাকার মেসার্স বাবা ব্রিকস, একই এলাকার মেসার্স সাবা ব্রিকস ও মেসার্স তালুকদার ব্রিকস। 

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, মেসার্স বাবা ব্রিকস ও মেসার্স সাবা ব্রিকসকে তিন লাখ টাকা করে জরিমানা করে কিলন ও চিমনি ভেঙ্গে ফেলা হয়েছে। আগুন নিভিয়ে দুই ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া মেসার্স তালুকদার ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স আশা ব্রিকস ও মেসার্স রুপা ব্রিকসের কিলন ও চিমনি ভেঙ্গে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।