চলনবিলে পাখি শিকার রোধে অভিযান, কারেন্ট জাল জব্দ

চলনবিলে পাখি শিকার রোধে অভিযান, কারেন্ট জাল জব্দ

সংগৃহীত ছবি

শীতের শুরুতেই চলনবিলে পাখি শিকারের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পাখি রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশকর্মীরা।

বুধবার (৭ জানুয়ারি) কাকডাকা ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত সিংড়ার চলনবিলের সাতপুকুরিয়া, ডাহিয়া ও চৌগ্রাম বিলে অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার কারেন্ট জাল ও বিভিন্ন পাখি শিকারের ফাঁদ জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় কারেন্ট জালের ফাঁদ থেকে ১১টি শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেন পরিবেশকর্মীরা।

এছাড়া মঙ্গলবার রাত ৮টায় ইউএনওর নির্দেশে মহেশচন্দ্রপুর ও শহরবাড়ি বিলে অভিযান চালানো হয়। দুই শিকারি পালিয়ে গেলেও সেখান থেকে আরও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতে দেশীয় ও অতিথি পাখি চলনবিলে আসে, কিন্তু এক শ্রেণির শিকারি রাতের আঁধারে কারেন্ট জাল দিয়ে পাখি শিকার করে গোপনে বিক্রি করছে। এক যুগ ধরে প্রশাসনের সহযোগিতায় তারা পাখি রক্ষায় কাজ করছেন।

সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, পাখি শিকার রোধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। তথ্য পেলেই অভিযান চালানো হচ্ছে এবং পেশাদার শিকারিদের অর্থদণ্ড ও সাজা দেওয়া হচ্ছে।