কুতুবদিয়ায় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, ৪ জন খালাস
ফাইল ছবি
কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব রোবেল হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন। একই মামলায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন- আজহারুল ইসলাম ছোটন, তৌহিদুল ইসলাম আরাফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ ও মো. সৈয়দ। অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাসের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় স্থানীয় একটি স্কুলে ইফতার পার্টি শেষে বাড়ি ফেরার পথে জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি জাহেদুল ইসলাম ফরহাদ, আবু এরশাদ জুয়েল, রুস্তম আলী ও আবদুল্লাহ আল মামুন সোহেল এরশাদুল হাবিবের ওপর হামলা চালান। তারা তাকে কুপিয়ে জখম করার পাশাপাশি গুলিও করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০০৬ সালের ১৭ অক্টোবর নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে জাহেদুল ইসলাম ফরহাদকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যরা জামিনে মুক্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন।