মাদুরোর প্রেসিডেনশিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করলেন দেলসি রদ্রিগেজ

মাদুরোর প্রেসিডেনশিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করলেন দেলসি রদ্রিগেজ

সংগ্রহীত ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ের মারকানো তাবাতাকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বুধবার কমান্ডারকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করেছেন তিনি।

প্রেসিডেনশিয়াল অনার গার্ড হলো এমন একটি সামরিক বাহিনী যেটি থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীদের সরবরাহ করা হয়ে থাকে।

মার্কিন সামরিক বাহিনী গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়ার কয়েকদিন পর প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডারকে বরখাস্ত করা হলো।

মাদুরো ও তার স্ত্রীকে কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এ দম্পতির বিচার শুরু হয়েছে। মাদুরো, তাঁর স্ত্রী আর ছেলে এবং আরও তিনজনের বিরুদ্ধে ‘মাদকসন্ত্রাস’ এবং মাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

মাদুরোর বাসভবনে মার্কিন সামরিক অভিযানের সময় ঠিক কতজন হতাহত হয়েছেন, সরকারিভাবে সেই তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সামরিক–বেসামরিক মিলিয়ে এ সংখ্যা ৫৭ জন। ধারণা করা হচ্ছে, অভিযানে নিহতদের মধ্যে প্রেসিডেনশিয়াল অনার গার্ডের সদস্যরাও রয়েছেন।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর গত সোমবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ ক্ষমতাসীন দলের প্রতি অনুগত এবং বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পরিচিত।

ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে ভাইস প্রেসিডেন্টই দায়িত্ব গ্রহণ করবেন। সংবিধানের ২৩৩ ও ২৩৪ ধারা অনুসারে, প্রেসিডেন্টের অনুপস্থিতি সাময়িক বা স্থায়ী যাই হোক না কেন, ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী দেলসি রদ্রিগেজ দায়িত্ব নেন। এর পাশাপাশি ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টও তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন।

দায়িত্ব গ্রহণের সময় দেলসি রদ্রিগেজ একই সঙ্গে অর্থমন্ত্রী ও তেলমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। রদ্রিগেজ মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।