হবিগঞ্জ-৩ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
ফাইল ছবি
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস. এম. সরওয়ারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আগামী ১২ জানুয়ারির মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান এবং সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন এ নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত এস. এম. সরওয়ার বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। এ সংক্রান্ত একটি ভিডিও গত ৬ জানুয়ারি ‘হবিগঞ্জ টোয়েন্টিফোর’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়। ভিডিওটি প্রাথমিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ লঙ্ঘনের শামিল বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গুরুত্বসহকারে যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এস. এম. সরওয়ার বলেন, তিনি নোটিশ পেয়েছেন এবং আইনজীবীর মাধ্যমে এর জবাব দেওয়া হবে।