নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
সংগ্রহীত ছবি
নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পরিষদ সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজভী হোসেন চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কনফেকশনারি দোকানদার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রিজভী হোসেন নিজ বাড়ি থেকে বের হলে উপজেলা সড়কের ব্রিজ এলাকায় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে মৃত্যু হয়।
চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, ‘দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’