মানবপাচার চেষ্টার অভিযোগে ৫ জন আটক, নারী ও শিশুসহ উদ্ধার ২০

মানবপাচার চেষ্টার অভিযোগে ৫ জন আটক, নারী ও শিশুসহ উদ্ধার ২০

সংগৃহীত ছবি

কক্সবাজারের কলাতলী সৈকত এলাকায় কোস্ট গার্ডের অভিযানে মানবপাচারের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় সাগরপথে পাচারের উদ্দেশ্যে রাখা নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজন টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ৯ জানুয়ারি ভোরে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও গার্ড জাহাজ শ্যামল বাংলা যৌথভাবে বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে কলাতলী বীচ সংলগ্ন এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করা হয় এবং মানব পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।