পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু। ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাষাবাদের কাজে ব্যবহৃত মাহিন্দ্রা গাড়ির চাপায় সুরাইয়া (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুরাইয়া ওই গ্রামের ইলিয়াস হাওলাদারের একমাত্র কন্যাসন্তান। 

স্থানীয়রা জানান, সুরাইয়া বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এ সময় চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ি ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরপাড়ে উঠে যায়। মুহূর্তেই শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা সুরাইয়াকে উদ্ধার করে দ্রুত রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র আদরের সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পরিবারটি। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল প্যাদা জানান, মাহিন্দ্রা গাড়িটির নিয়মিত চালক ছিলেন রনি গাজী। তবে দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার সহযোগী জিসান মল্লিক। ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী চালক ও তার সহযোগীকে আটকে রাখে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।