রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রতিকি ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামশুল (৫৫) নামে এক খেজুর গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে খেজুর গাছে হাঁড়ি বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত সামশুল আলম উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ১ নং ওয়ার্ডের ছালেহ আহমদের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল একই ইউনিয়নের পশ্চিম সরফভাটা ৪ নং ওয়ার্ড কান্দেরকূল এলাকার মো. ইউসুফের ছেলে।
নিহতের মেয়ের স্বামী সেলিম জানান, গাছি সামশুল আলম শুক্রবার বিকেলে খেজুর গাছে হাঁড়ি বসাতে যান। খেজুর গাছের ডালপালা পড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় মোজাম্মেল গাছি সামশুল আলমকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।
তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় যোগাযোগ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি তারা মামলা করবে বলে নিশ্চিত করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।