প্লে-অফে রিশাদের হোবার্ট হারিকেন্স
সংগৃহীত ছবি
বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবার খেলতে নেমেই দারুণ ছাপ রেখে চলেছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ বাকি থাকতেই প্লে-অফ নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স।
রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় ছাড়াই প্লে-অফের টিকিট নিশ্চিত করে হারিকেন্স। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। তবে সিডনি থান্ডার ৫ ওভারে বিনা উইকেটে ৩২ রান করার পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়।
এই এক পয়েন্টেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় হোবার্ট হারিকেন্স। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।
হারিকেন্সের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন। চলতি আসরে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি দলের সর্বোচ্চ উইকেটশিকারি। পাশাপাশি এবারের বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায়ও শীর্ষে রয়েছেন এই তরুণ লেগস্পিনার।
বিগ ব্যাশ লিগে রিশাদের আগে বাংলাদেশের হয়ে একমাত্র খেলেছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুমে সাকিবের নেওয়া ৯ উইকেটের রেকর্ড ভেঙে নিজের প্রথম মৌসুমেই বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির কীর্তি গড়েছেন রিশাদ হোসেন।