ব্রাহ্মণবাড়িয়ায় ফাঁসির দাবিতে বিক্ষোভ
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনতা। পাশাপাশি তাকে রাজনৈতিক দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি উঠেছে।
রবিবার সকাল ১১টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে নারী-পুরুষ গণজমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, জেলা ট্রাক শ্রমিক মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত ভোজন, নিহত সাবেক ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজা বেগম, নিহতের স্ত্রী ফারজানা আক্তার তৃণাসহ অন্যরা।
ফারজানা আক্তার তৃণা বলেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ন্যায়বিচারের আশায় পথে নেমেছি। আর কোনো কালক্ষেপণ নয়, খুনির ফাঁসি চাই।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাতে নিহত সাদ্দাম হোসেনের পিতা মোস্তফা কামাল বাদি হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সদর মডেল থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে ১ ডিসেম্বর রাতে র্যাব সদস্যরা রাজধানী বাসাবো এলাকা থেকে দেলোয়ার ও তার সহযোগী বাবুলকে গ্রেপ্তার করেন। দিলীপের বিরুদ্ধে হত্যাসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কয়েকটি মামলা রয়েছে।