খালেদা জিয়ার অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে : ডা. জাহিদ
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার বিকেল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনাল স্কুলমাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ আরও বলেন, আজকের এই দোয়া মাহফিলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন— ‘বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু প্রভু নেই। আমার ঠিকানা এই দেশ, আর এই দেশের মানুষ।’
তিনি বলেন, তাকে নানাভাবে হেনস্তা করা হলেও আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তার জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফার আলোকে দেশের মানুষকে সুসংগঠিত করে একটি সুশাসিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির আহ্বান ও তারেক রহমানের বার্তা পৌঁছে দেয়া, যাতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল হয়।