অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে: বিভাগীয় কমিশনার
সংগৃহীত ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার।
তিনি জানান, যৌথবাহিনী ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রও নিয়ন্ত্রণে আনা হবে। রাজবাড়ীতে সম্প্রতি যৌথবাহিনীর বড় ধরনের অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনাও এর প্রমাণ।
বিভাগীয় কমিশনার বলেন, রাজবাড়ীতে নির্বাচন উপলক্ষে প্রার্থী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুধী সমাজ ও সাংবাদিকদের বক্তব্য শোনা হয়েছে। সামগ্রিকভাবে এখানে ভোটের একটি সুস্থ পরিবেশ বিদ্যমান রয়েছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা লক্ষ্য করা গেছে। জেলা রিটার্নিং অফিসার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে রাজবাড়ীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।