দ্রুত বিচার মামলায় মাদরাসার অধ্যক্ষসহ ১৭ জন কারাগারে
ফাইল ছবি
দ্রুত বিচার মামলায় বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদসহ ১৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) বিশ্বনাথ থানার একটি জি.আর মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের হওয়া মামলা নম্বর ১০৫/২০২৪–এর অভিযুক্তরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আবদুল খালিক।
জানা যায়, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। একপর্যায়ে আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন।
এরপর ওই বছরের ১৭ অক্টোবর সকালে তিনি ও তার অনুসারীরা জোরপূর্বক মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ অক্টোবর আন্দোলনকারীদের পক্ষে রিমন আহমদ বিশ্বনাথ আমলি আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।