খুলনায় হত্যা মামলার পলাতক আসামি ফরিদ শেখ গ্রেপ্তার
প্রতিকী ছবি
র্যাব-৬ এর অভিযানে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ইমরান মুন্সী (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ফরিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে সিপিসি স্পেশাল কম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত ইমরান মুন্সী হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর পলাতক আসামি মো. ফরিদ শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়। ফরিদ শেখ মৃত আ. মান্নান শেখের ছেলে এবং তার বাড়ি খুলনা সদর থানার ১ নম্বর কাস্টমঘাট এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার ফরিদ শেখসহ মামলার অন্য আসামিদের সঙ্গে নিহত ইমরান মুন্সীর দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৬ অক্টোবর কাস্টমঘাট এলাকায় অবস্থানকালে আসামিরা ইমরান মুন্সীকে গুলি করে ও ধারাল ছুরি দিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ফুফু দিলিয়া বেগম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যদের বিরুদ্ধে কেএমপির খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।