বেগম খালেদা জিয়া ছিলেন দেশের সার্বভৌমত্বের প্রতীক: নবীউল্লাহ নবী

বেগম খালেদা জিয়া ছিলেন দেশের সার্বভৌমত্বের প্রতীক: নবীউল্লাহ নবী

সংগৃহীত ছবি

 সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় যাত্রাবাড়ীতে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে যাত্রাবাড়ীতে ৪৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবী।

দোয়া মাহফিলে নবীউল্লাহ নবী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার। তিনি এদেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় আজীবন আপসহীন লড়াই করে গেছেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। বেগম খালেদা জিয়া ছিলেন আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের রাজনীতির বিপক্ষের সোচ্চার কণ্ঠ, গণতন্ত্রের মানসকন্যা। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার ত্যাগী নেতৃত্ব আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তিনবারের এই সফল প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে যে ভূমিকা রেখে গেছেন, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং দেশবাসীকে এই শোক সইবার শক্তি দেন।

অনুষ্ঠানে যাত্রাবাড়ী থানার বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।