আজ সাংবাদিক মানিক সাহা হত্যার ২২ বছর
মানিক সাহা
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক সাহা হত্যার ২২ বছর পূর্তি আজ বৃহস্পতিবার। ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাব থেকে রিকশায় করে আহসান আহমেদ রোডে নিজ বাড়িতে যাওয়ার সময় ক্লাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মানিক সাহা দৈনিক সংবাদ ও নিউ এজ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলার খণ্ডকালীন সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
সাংবাদিক মানিক সাহা হত্যা ঘটনার রাতেই খুলনা সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। মামলার বাদী ছিলেন খুলনা থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) রণজিত্ কুমার পাল। ওই মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। দুটি মামলার হত্যা অংশে ৯ আসামি সাজাপ্রাপ্ত হলেও বিস্ফোরক মামলায় সবাই বেকসুর খালাস পান।
২০১৬ সালের ৩০ নভেম্বর মামলার রায় দেন খুলনার দ্রুত বিচার আদালতের তত্কালীন বিচারক জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার।
অন্যদিকে ২০০৭ সালের ১৯ মার্চ একই আসামিদের অভিযুক্ত করে বিস্ফোরক মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। একই বছর এ মামলার অধিকতর তদন্ত শেষে একজন যুক্ত হয়ে আসামি হয় ১৪ জন। তবে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই আসামিদের মধ্যে তিনজন ক্রসফায়ারে মারা যায়।
পরে ১১ আসামি নিয়ে বিচার কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে সাংবাদিক মানিক সাহা হত্যার ২২ বছর পূর্তিতে আজ খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী, রতন সেন পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক বেদিতে শ্রদ্ধা নিবেদন, স্মরণ ও আলোচনা সভা প্রভৃতি।