আদ্-দ্বীন হাসপাতালে পাওয়া শিশুটি এখন আজিমপুর ছোটমণি নিবাসে
আদ্-দ্বীন হাসপাতালে পাওয়া শিশু
তিন মাসের একটি শিশুকে নিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এক নারী। পরে রিক্সা ভাড়া পরিশোধের কথা বলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্য এক নারীর কাছে শিশুটিকে রেখে পালিয়ে যান সেই পরিচয়হীন নারী।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চিকিৎসা নেওয়ার জন্য একটি ছেলে শিশুকে আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে আসেন পরিচয়হীন ওই নারী। হাসপাতালের নিচ তলায় কার্ড কাউন্টারের সামনে অন্য এক নারীর কাছে বাচ্চাটিকে রেখে পালিয়ে যায়।
হাসপাতালে কর্মরতরা জানান, হাসপাতালে চিকিৎসা নিতে এক নারীর কাছে শিশুটিকে রেখে রিক্সা ভাড়া পরিশোধ করতে যান ওই নারী। পরে তিনি আর ফিরে আসেননি। শিশুটির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে বেলা ১১ টা থেকে শিশুটিকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবা অধিদফতর ও ৯৯৯ এর মাধ্যমে পুলিশ বিভাগে অবহিত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো অভিভাবক না পাওয়ায় রাত ৮ টার দিকে শিশুটিকে পুলিশের উপস্থিতিতে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তারা ঢাকা আজিমপুরে ছোটমণি নিবাসে আশ্রয় দিবেন শিশুটিকে।
সমাজসেবা অধিদফতরের এক কর্মকর্তা বলেন, বাচ্চাটি এখন সরকারের আইনের আওতায় চলে এসেছে। শিশুটির অভিভাবকের তথ্য কারও জানা থাকলে বা ছবি দেখে পরিচয় পেলে সমাজসেবা অধিদফতরের যেকোনো কার্যালয়ে জানানোর জন্য অনুরোধ করা হলো। এছাড়া যদি কেউ বাচ্চাটিকে নিতে চায় তাহলে কোর্টে আবেদন করতে হবে। কোর্টের মাধ্যমে এ বাচ্চাটিকে হস্তান্তর করা হবে।