আব্দুল খালেক ও মেহেদী হাসান পলাশের বহিষ্কারাদেশ প্রত্যাহার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থিতা প্রত্যাহারের পর কেন্দ্রীয় বিএনপি পূর্বে বহিষ্কৃত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি দলের মিডিয়া সেল থেকে প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তারা পুনরায় দলের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।