গণভোটে আগামীর বাংলাদেশ নির্ধারণ হবে: জিসিসি প্রশাসক

গণভোটে আগামীর বাংলাদেশ নির্ধারণ হবে: জিসিসি প্রশাসক

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

তিনি বলেছেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনের বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই- তার একটি স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমেই।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচন ও গণভোটে অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই গাজীপুর সিটি করপোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হবে। এই কার্যক্রম সফল করতে সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।’

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে ও সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

তিনি বলেন, নির্বাচন ও গণভোটে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।