মাদক প্রতিরোধে মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

মাদক প্রতিরোধে মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মাদকমুক্ত মাগুরা গড়ার প্রত্যয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টায় জেলা স্টেডিয়াম চত্বর থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুরু হয়। 

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান ম্যারাথন দৌড়ের এর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ১০জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে মেডেল দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে শিল্প সচিব ওবায়দুর রহমান প্রতিযোগীদের পুরস্কার ও মেডেল পরিয়ে দেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাগুরার শালিখা উপজেলার হাসিবুল। তিনি এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে।

এসময় শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মাগুরায় যে সামাজিক ও সচেতনামূলক কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। মাদকবিরোধী এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোরসালিন শুভ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট একরামুল করিম রোমেল। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে চার শতাধিক অংশগ্রহণকারী নিবন্ধন করেন এবং এতে ছয় শতাধিক দৌড়বিদ অংশ নেন। স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি নতুন বাজার, চৌরঙ্গীর মোড়, ঢাকা রোড ও ভায়নার মোড় ঘুরে পুনরায় স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভ বলেন, ২০০৩ ব্যাচের উদ্যোগে পরিচালিত আমাদের সংগঠনের মূল লক্ষ্য যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা। সর্বস্তরের মানুষের সহযোগিতায় আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও সমাজের জন্য কল্যাণকর নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।