পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে তিন সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে তিন সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

সংগৃহীত ছবি

হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলায় প্রতিবছরের মতো এবারও তিন সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। এ সময় অন্তত ১০টি গ্রামের হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কম্বল পেয়ে শীত নিবারণের সুযোগ লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন প্রমুখ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আনোয়ার আলদীন বলেন, শীত, দুর্যোগ ও দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে নিয়মিতভাবে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করে আসছি। পাশাপাশি এ এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠায়ও আমরা ভূমিকা রাখছি। সুপেয় পানির সংকট দূর করতে কয়েকটি গ্রাম ও বাজারে ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, শীতের কষ্ট সেই-ই বোঝে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দরিদ্র মানুষদের শীতের কষ্ট থেকে রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে, ইনশাআল্লাহ।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

রবিবার (১৮ জানুয়ারি) এ অঞ্চলের দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়।