গণভোটে ‘বিসমিল্লাহ’ নিয়ে কোন বিভ্রান্তি নেই : স্বাস্থ্য উপদেষ্টা

গণভোটে ‘বিসমিল্লাহ’ নিয়ে কোন বিভ্রান্তি নেই : স্বাস্থ্য উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছেন যে গণভোটের সঙ্গে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকা বা না থাকা সম্পর্কিত কোনো বিষয় নেই। তিনি বলেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি এবং নতুন করে আসবে না। এটি সারা জীবন থাকবে, সব সময় থাকবে।

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরজাহান বেগম এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এগুলো কোনোোটাই সঠিক নয়। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভা শেষে নুরজাহান বেগম পাবনা এডওয়ার্ড কলেজে মাঠে গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম ও প্রচার গাড়ি পরিদর্শন করেন।