বাবার জন্য ভোটের মাঠে আমীর খসরুর ছেলে ইসরাফিল
ফাইল ছবি
চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন ছেলে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
বৃহস্পতিবার দিনের শুরুতে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে প্রচারণা শুরু করেন। এদিন উত্তর পতেঙ্গা স্টিলমিল বাজার, কর্ণফুলী ইপিজেড, হোসেন আহমেদ পাড়াসহ ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাবার জন্য ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় ইসরাফিল খসরু বলেন, ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ধানের শীষ বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মার্কা। বিএনপি মানুষের জন্য কাজ করে। মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নাগরিক সেবা, কর্মসংস্থান, শিক্ষা ও নিরাপদ জীবনের নিশ্চয়তায় কাজ করে যাবে।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট মানেই একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও মানুষের জন্য কাজ করা বাংলাদেশ। ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি তারেক রহমান সাহেবকে উপহার দিন। ইনশাআল্লাহ, আপনাদের একটি আধুনিক ও মাদকমুক্ত স্মার্ট পতেঙ্গা উপহার দেব।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন, আবু জাফর, ইকবাল হোসেন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হারুন, মোহাম্মদ লোকমান, মনজুর কাদের, জসীম উদ্দীন, রেজাউল করিম, মোহাম্মদ খুরশীদ ও নয়নসহ প্রমুখ।